মনপুরায় কোস্ট গার্ডের অভিযান: দেশীয় অস্ত্রসহ 'স্বপন বাহিনী'র প্রধান ডাকাত স্বপন গ্রেফতার
ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দল 'স্বপন বাহিনী'র কুখ্যাত প্রধান স্বপনকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেস ভোলা এবং আউটপোস্ট মনপুরা যৌথভাবে মনপুরা থানার কাজীচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই বেলা ৩টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকা থেকে কুখ্যাত ডাকাত সরদার স্বপনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে ১টি একনলা দেশীয় বন্দুক এবং ৮টি অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত স্বপন (৫০) ভোলার মনপুরা থানার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত 'স্বপন বাহিনী'র প্রধান হিসেবে ওই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

