ডার্ক মোড
Sunday, 21 June 2026
ePaper   
Logo
তরুণদের মেধা ও প্রযুক্তির অটোমেশন গড়বে সমৃদ্ধ নতুন বাংলাদেশ: মীর হেলাল

তরুণদের মেধা ও প্রযুক্তির অটোমেশন গড়বে সমৃদ্ধ নতুন বাংলাদেশ: মীর হেলাল

চট্টগ্রাম ব্যুরো

তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণ এবং যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি চিরতরে দূর করা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। আজ শনিবার চট্টগ্রামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চট্টগ্রাম নগরীর খুলশী কনভেনশন হলে আয়োজিত 'বিপিও সামিট ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল "হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি" (যেখানে মেধার সাথে বৈশ্বিক সুযোগের মিলন ঘটে)।

নিজের ২২ বছরের আইনি ও রাজনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি-এর দূরদর্শী নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় এ দেশের তরুণ প্রজন্মই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৭-১৮ বছর ধরে তরুণদের সামনে ইতিহাসের নানা বিকৃতি উপস্থাপন করা সত্ত্বেও, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রতিষ্ঠিত 'বিএনপি মিডিয়া সেল'-এর মতো উদ্যোগগুলো অনলাইন অ্যাক্টিভিস্টদের সঠিকভাবে কাজে লাগিয়ে সব ধরনের সেন্সরশিপের মোকাবিলা করতে এবং জনগণের সামনে সত্য ঘটনা তুলে ধরতে সফল হয়েছিল।

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকীকরণে গৃহীত বিভিন্ন বৈপ্লবিক পদক্ষেপের বিবরণ দিয়ে মীর হেলাল বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে মন্ত্রণালয়ের মূল সেবাগুলোকে সম্পূর্ণ অনলাইনে রূপান্তর করা হয়েছে। নাগরিকরা এখন 'ভূমি' (BHUMI) অ্যাপ ব্যবহার করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারির (মিউটেশন) আবেদন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারছেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ আল মামুন, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ফয়সাল আলীম। এছাড়া বাক্কোর কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য, তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সামিটে অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন