Dark Mode
Sunday, 27 September 2026
ePaper   
Logo
গলাচিপায় ইউপি চেয়ারম্যান-সদস্যদের সঙ্গে নুরুল হক নূরের মতবিনিময়

গলাচিপায় ইউপি চেয়ারম্যান-সদস্যদের সঙ্গে নুরুল হক নূরের মতবিনিময়

মিঠুন পাল, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা 
 
“দেশের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ হচ্ছে উন্নয়নের মূল মেরুদণ্ড। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”—বলেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়াম হলে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের এলাকার নানা সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সোবাহান, গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. জাকির মুন্সী এবং প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নিজ নিজ ইউনিয়নের রাস্তা-ঘাট, খাল খনন, সামাজিক সুরক্ষা কর্মসূচি, নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী গলাচিপার ১৪০ নম্বর ব্র্যাক আশ্রয়কেন্দ্র, মডেল মসজিদ ও বিভিন্ন খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!