২৯ জুলাই থেকে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট, তালতলীতে রোগী পরিবহন নিয়ে শঙ্কা
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এ ধর্মঘটের প্রভাব পড়তে পারে বরগুনার তালতলীতেও। এতে জরুরি রোগী পরিবহন ও উন্নত চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র নেওয়া নিয়ে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
তালতলী অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির মৃধা বলেন, দেশের অন্যান্য এলাকার মতো তালতলীতেও ধর্মঘটের সিদ্ধান্ত কার্যকর হলে জরুরি রোগী পরিবহনে সংকট তৈরি হতে পারে। দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স একটি জরুরি সেবা। তাই রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট সমিতির মধ্যে দ্রুত সমঝোতা হওয়া প্রয়োজন।
তালতলী থেকে প্রতিদিন গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি, প্রসূতি ও মুমূর্ষু রোগীদের বরগুনা আমতলী পটুয়াখালী বরিশাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ফলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হলে এসব রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে ধর্মঘটের আগে সরকারের পক্ষ থেকে দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন অ্যাম্বুলেন্স সংশ্লিষ্টরা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

