মুজিবনগর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীদের তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তে এই পুশইনের চেষ্টা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ওই ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ সদস্যরা ভোররাতে হঠাৎ করেই ওই ৭ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি সদস্য এবং স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে বিএসএফ শেষ পর্যন্ত তাদের সীমান্তের জিরো লাইন থেকেই ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
সীমান্তে বিজিবির কড়া নজরদারি এবং স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে চলতি মাসে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একাধিক পুশইনের চেষ্টা নসাৎ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, চলতি জুন মাসেই মেহেরপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকবার পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এর আগে গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জন এবং গত ২৫ জুন গাংনী উপজেলার শ্যাওড়াতলা সীমান্ত দিয়ে ৭ জন, ঢালা সীমান্ত দিয়ে ৩ জন ও কাজীপুর সীমান্ত দিয়ে আরও ২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। প্রতিবারই বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

