ডার্ক মোড
Sunday, 28 June 2026
ePaper   
Logo
পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

চট্টগ্রাম ব্যুরো

পার্বত্য অঞ্চলে কোনো ধরনের অনিয়ম, লুণ্ঠন ও অবহেলা সহ্য করা হবে না এবং এ অঞ্চলকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে যে ধরনের অনিয়ম ও উদাসীনতা দেখা গিয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের আমলে তা মোটেও বরদাশত করা হবে না।

শনিবার রাজধানীতে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ‘পার্বত্য ফল মেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পার্বত্য ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’।

অনুস্থানে পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি ‘রেইনবো নেশন’ (রংধনু রাষ্ট্র) হিসেবে প্রতিভাত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, সরকার পাহাড় ও সমতলের মধ্যকার ব্যবধান কমিয়ে পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি পয়েন্ট আউট করে বলেন, বিগত প্রশাসন বিভিন্ন স্কিমের আওতায় ১ হাজার ৭৪টি লোকদেখানো প্রকল্প গ্রহণ করেছিল, যা প্রকৃত অর্থে কোনো অর্থবহ উন্নয়ন বয়ে আনতে পারেনি। তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার এ ধরনের অসার স্কিম কমিয়ে গবেষণা-ভিত্তিক ও বাস্তবসম্মত টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দেবে।

প্রতিমন্ত্রী পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে নারীদের জন্য একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে—যেখানে স্কুলগামী ছাত্রী, গর্ভবতী মা এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দেওয়া হবে। এছাড়া আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্থানীয় শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ‘ই-লার্নিং’ পদ্ধতি যুক্ত করা হচ্ছে। দূরবর্তী পাহাড়ি এলাকাগুলোতে সুপেয় পানির তীব্র সংকট দূর করতে মন্ত্রণালয় ভূপরিস্থ পানি (সারফেস ওয়াটার) ব্যবহারের প্রকল্প বাস্তবায়ন করছে। পাশাপাশি, স্থানীয় সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) নির্মাণ করা হবে এবং অবিক্রিত ফলমূল প্রক্রিয়াজাত করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য ‘ড্রাই ফুড’ (শুকনো খাবার) তৈরি করা হবে।

ব্যারিস্টার মীর হেলাল আরও জানান, পার্বত্য অঞ্চলের উচ্চমানের কফি চাষ বাড়াতে বিশেষ প্রণোদনা দেওয়া হবে এবং জুম চাষিরা যাতে একই জমিতে আধুনিক পদ্ধতিতে সর্বোচ্চ ফলন পেতে পারেন সে লক্ষ্যে তাদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। খেলাধুলা ও সংস্কৃতির প্রসারে তিন পার্বত্য জেলায় ডরমিটরি, বহুমুখী ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র, রাঙামাটিতে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আধুনিক ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সংসদ সদস্য শচিং প্রু এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাধবী মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনূপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

তিন দিনব্যাপী এই মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির দুর্গম এলাকা থেকে আসা মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। প্রদর্শনীতে আম, আনারস, কাঁঠাল ও কলার মতো কেমিক্যালমুক্ত হরেক রকমের মৌসুমী ফলের পাশাপাশি রসকো (ব্লাড ফ্রুট), রামবুটান ও বুনো বেলের মতো দুর্লভ বুনো ফলের সমাহার ঘটেছে। মেলাটি আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রতি সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন