ডার্ক মোড
Friday, 11 September 2026
ePaper   
Logo
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা ও খাদ্যের মানদণ্ড নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে আধুনিক প্রযুক্তির সংযোজন, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ এবং মানসম্মত উৎপাদন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে কৃষি উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর মাননিয়ন্ত্রণ বজায় রাখতে হবে।

বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসর্স অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইতালি, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডসহ ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে।

বাপা সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বাপা ও রিমস-এর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন