কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনের আওতায় ৬–১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২–৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, গাইনি কনসালট্যান্ট ডা. মোছা. রুজিনা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির আব্দুল মালেক, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল ফেরদৌস (লাবলু), উপজেলা ছাত্র ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের পুষ্টিহীনতা ও ভিটামিন “এ”-এর ঘাটতিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

