‘ইয়েস-নো-ভেরি গুড’ শিক্ষায় শেষ হচ্ছে নতুন প্রজন্ম
নিজস্ব প্রতিনিধি
বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য (কিশোরগঞ্জ-৫) শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, টিক মার্ক দিয়ে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় নতুন প্রজন্ম প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা এখন ‘ইয়েস-নো-ভেরি গুড’ ছাড়া আর কিছুই জানে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, গত সরকার শিক্ষাব্যবস্থার যে অবস্থা করে গেছে, তাতে ছাত্রছাত্রীরা ইয়েস-নো-ভেরি গুড ছাড়া কিছুই জানে না।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, হাইস্কুল পর্যন্ত বাচ্চারা যাতে স্কুলে মোবাইল নিয়ে না ঢোকে, সেই আইন করা হোক। গেটে মোবাইল রাখার ব্যবস্থা থাকতে পারে। বাচ্চারা স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে আজেবাজে জিনিস দেখে। আমি সবচেয়ে দামি মোবাইল ব্যবহার করি, কিন্তু এন্ড আর সেন্সর (রিসিভ ও হ্যাংআপ) ছাড়া কিছুই বুঝি না। অথচ বাচ্চারা সব ঘাটে।
নিজ নির্বাচনী এলাকা নিকলী-বাজিতপুরের সমস্যার কথা তুলে ধরে এই এমপি বলেন, হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। গর্ভবতী মায়েরা হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় বাচ্চা প্রসব করে ফেলেন। ভাগলপুর মেডিকেল কলেজ ছাড়া ভালো চিকিৎসা নেই আর সেখানে একটি বাচ্চা হতে ৩০-৪০ হাজার টাকা লাগে। গরিব মানুষ জমি-জমা, গরু-ছাগল বিক্রি না করে হাসপাতাল থেকে রিলিজ পায় না।
তিনি নিকলীতে একটি সরকারি হাসপাতাল ও একটি নতুন সড়ক নির্মাণের দাবি জানান।
যুবসমাজ ধ্বংসের পথে উল্লেখ করে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, মাদক আমাদের শেষ করে দিচ্ছে। এছাড়া ১২-১৪ বছরের কিশোরদের হাতে বাবা-মায়েরা মোটরসাইকেল তুলে দিচ্ছেন। তারা জোরে পিকআপ দিয়ে ট্রাকের নিচে গিয়ে পড়ছে। এই মোটরসাইকেল সংস্কৃতি ও মাদক বন্ধে নতুন আইন প্রয়োজন।
যোগাযোগমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, কিশোরগঞ্জবাসীর জন্য ঢাকা-কিশোরগঞ্জ রুটে বর্তমানে মাত্র দুটি ট্রেন চালু আছে। এই রুটে আরও একটি নতুন ট্রেন সংযুক্ত করলে সাধারণ মানুষ উপকৃত হবে।
পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে এই এমপি বলেন, বিগত সরকারগুলো দেশ লুটপাট করে শেষ করে গেছে। এখন সরকার যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। আমি চাই সংসদে আমরা সরকারি দল, বিরোধী দল বা স্বতন্ত্র না হয়ে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি। সাদাকে সাদা বলি আর কালোকে কালো বলি। বিরোধিতার জন্য বিরোধিতা না করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

