ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
​মির্জাগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি ও অ্যাসিড হামলা: যুবককে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

​মির্জাগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি ও অ্যাসিড হামলা: যুবককে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

 


পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মামুন খাঁ নামের এক যুবককে কুপিয়ে জখম এবং শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী।

গত ৩০শে জুন রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বোবাবাড়ীর সামনে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মোঃ আঃ গনি খাঁ’র ছেলে মামুন খাঁ মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী চক্র তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়।

গত ৩০শে জুন রাত আনুমানিক ১১টার দিকে মামুন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বোবাবাড়ীর সামনে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। ১নং আসামি কামাল হোসেনের হুকুমে তাকে ঘিরে ধরে পুনরায় চাঁদা দাবি করা হয়। মামুন টাকা দিতে পুনরায় অস্বীকার করলে ২নং আসামি হানিফ মৃধা তার পকেট থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নৃশংসতা ও অ্যাসিড নিক্ষেপ: হামলার এক পর্যায়ে ৩নং আসামি আবু সালে লোহার রড দিয়ে মামুনকে আঘাত করে এবং ৪নং আসামি মাসকুর হাওলাদার তাকে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করতে গেলে তা মামুনের মুখে লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। মামুন মাটিতে লুটিয়ে পড়লে ১নং আসামির হাতে থাকা পলিথিনে ভরা অ্যাসিড জাতীয় দাহ্য পদার্থ মামুনের শরীরে নিক্ষেপ করা হয়। এতে মামুনের শরীরের একাংশ ঝলসে যায় এবং তিনি যন্ত্রণায় চিৎকার করতে থাকেন।

মামুনের চিৎকারে স্থানীয় সাক্ষী মাসুম ফকিরসহ অন্যান্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ১লা জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় মামুনের পিতা মোঃ আঃ গনি খাঁ বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত প্রধান আসামিরা হলেন— মো: কামাল হোসেন (৫০), মো: হানিফ মৃধা (৪৪), আবু সালে মুন্সি (৩৮), মাসকুর হাওলাদার (৪৫), ছগির মল্লিক (৩২), মো: সিয়াম (৪০), আ: রহিম চাঁন (৪৫), আলমগীর হাওলাদার (৫০), প্রানতোষ (৪০). নাজমুল হাসান জালাল (৩৫) পিতা -মৃত্যু জাকির হোসেন মেনাজ, মো: মজিবুর রহমান (৫৮), পিতা -মৃত্যু আবুল হাশেম মাস্টার, মোঃ রাজু, পিতা- মজিবুর রহমান সর্ব সাং দক্ষিণ গাবুয়া উপজেলা মির্জাগঞ্জ.

এছাড়া, আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এই নৃশংস অ্যাসিড হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মির্জাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।

ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন