সামাজিক অংশগ্রহণের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কেবল সরকারি উদ্যোগে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; এর জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং সেগুলোকে কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রতিটি বিদ্যালয়ে "অভিভাবক বৃত্ত" (প্যারেন্ট সার্কেল) এবং "বন্ধু খাতা" (ফ্রেন্ড রেজিস্টার) চালুর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার সুনামগঞ্জ পিটিআই-এ স্কুল ফিডিং প্রজেক্ট কর্তৃক আয়োজিত "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি" সংক্রান্ত অবহিতকরণ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, প্রতিটি শ্রেণির শিক্ষকদের স্ব-স্ব শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি "অভিভাবক বৃত্ত" গঠন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, দানশীল ব্যক্তি এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করে একটি "বন্ধু খাতা" তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুর জন্য একটি আধুনিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, সুনামগঞ্জের পুলিশ সুপার, স্কুল ফিডিং প্রজেক্টের প্রকল্প পরিচালক, জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

