তেলবাহী জাহাজে ইরানি গানবোট থেকে গুলি
বিশ্বসংবাদ ডেস্ক
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে গুলির ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট দুটি গানবোট থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ব্রিটিশ সংস্থাটি।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ঘটনাটি ওমান উপকূলের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, দুটি গানবোট কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির কাছে এসে গুলি চালায়।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে হরমুজ প্রণালী ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।
তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজের জন্য কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এই পরিস্থিতি সহজেই বদলে দেওয়া যেতে পারে।’
ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তরও জানিয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং অপরিবর্তিত থাকবে।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান ও আল জাজিরা

