ঢাকায় ‘ভিশন এক্সামিন ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন
স্টাফ রিপোর্টার
ঢাকা: চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে চোখের বিভিন্ন জটিলতা সনাক্তকরণের লক্ষ্যে আজ ঢাকায় "ভিশন এক্সামিন ক্যাম্প ২০২৬" শীর্ষক একটি বিশেষায়িত চক্ষু সেবা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘অ্যালার্ট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সহযোগিতা ও সামগ্রিক তত্ত্বাবধানে ‘সফট বিডি লিমিটেড’ এই ক্যাম্পের আয়োজন করে।
রাজধানীর বাংলামোটর এলাকার হাসান হোল্ডিংসে আয়োজিত এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পে বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত হন, যেখানে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয় করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান। অ্যালার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. জসিম উদ্দিন, মিজানুর রহমান হিরন, জাকিয়া আক্তার, তানিম আহমেদ নূর, সোহানা ফেরদৌস, মো. শামসুর রহমান রুশো, আনিসুল ইসলাম অপু এবং আনোয়ার হোসেন।
এছাড়া, সফট বিডি লিমিটেডের পক্ষে সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইমরান মাহমুদ, আতিউল ইসলাম খান শাওন, মো. মাসুদুর রহমান এবং তানভীর আহমেদ।
অ্যালার্ট বাংলাদেশ ফাউন্ডেশন তাদের চলমান সামাজিক কল্যাণ, সচেতনতা ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।

