গোবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. নাজমুস সাদাত
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. নাজমুস সাদাতকে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন, এর মধ্যে যেটি আগে ঘটবে সেটিই কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

