ডার্ক মোড
Thursday, 02 July 2026
ePaper   
Logo
গাজীপুরে পুলিশ ইউনিফর্ম ও চোরাই মালামালসহ ভুয়া পুলিশ এসআই গ্রেপ্তার

গাজীপুরে পুলিশ ইউনিফর্ম ও চোরাই মালামালসহ ভুয়া পুলিশ এসআই গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

পুলিশ কর্মকর্তা সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা এবং চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল খাঁ (২৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা। গাজীপুরের গাছা থানার অধীন দক্ষিণ খাইলকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক-সরঞ্জাম, জাল নথিপত্র এবং বিপুল পরিমাণ চোরাই ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার পিয়ারাবাগান রোডের একটি বাড়িতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারিসুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। রুবেলকে আটক করার পর তাঁর কক্ষ তল্লাশি করে ৩টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

গোয়েন্দারা তাঁর কাছ থেকে পুলিশের এক সেট সম্পূর্ণ ইউনিফর্মও উদ্ধার করেন, যার মধ্যে রয়েছে ফিল্ড ক্যাপ, শোল্ডার লাইট, পিস্তলের হোলস্টার, ট্যাকটিক্যাল বেল্ট, বুট জুতো এবং হাতকড়া। প্রতারণা কার্যক্রম সহজ করতে রুবেল নিজের কাছে একটি ভুয়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিচয়পত্র, বিআরটিএর (BRTA) জাল সিল, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, ভিউয়া ট্যাক্স টোকেন এবং "এসআই রুবেল খাঁ" নামের ভিজিটিং কার্ড রাখতেন। এ ছাড়া মোটরসাইকেল চুরির মাস্টার চাবি, ৯টি সিম কার্ড এবং একটি অনলাইন নিউজ পোর্টালের ভুয়া পরিচয়পত্রও তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, রুবেল দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দিয়ে সরল মানুষকে প্রতারিত করে আসছিলেন। তিনি ভুয়া সরকারি সিল ব্যবহার করে জাল আইনি নথিপত্র তৈরি করতেন এবং চোরাই যানবাহন ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনাবেচার একটি চক্র চালাতেন। গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধারে গাজীপুর ও টাঙ্গাইল সদরে পরবর্তী অভিযান পরিচালনা করে পুলিশ।

সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ, জালিয়াতি এবং চোরাই মাল রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে গাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন