গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: বরিশালে তথ্যমন্ত্রী
মাসুদ রানা, বরিশাল
সংবাদকর্মী ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার 'গণমাধ্যম কমিশন' গঠনের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দীন স্বপন। খুব শিগগিরই এ সংক্রান্ত অ্যাকশন প্ল্যান ও গণমাধ্যম কমিশনের খসড়া অনুমোদনের জন্য সরকারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যম কমিশন গঠনের সুফলের কথা উল্লেখ করে জহিরুদ্দীন স্বপন বলেন, “একবার যদি গণমাধ্যম কমিশন গঠন করতে পারি, তাহলে সৎ সাংবাদিকদের অনুপ্রাণিত করার জন্য সরকারের হাতে একটি শক্তিশালী হাতিয়ার থাকবে। একই সঙ্গে অসৎ সাংবাদিকদের জন্য এটি দুঃসংবাদে পরিণত হবে।” গণমাধ্যমকে আরও দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার করার লক্ষ্যেই সরকার এই কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন।
অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক নেতাদের মধ্যে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ এবং দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ বক্তব্য দেন।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের সালেহ টিটু, দীপ্ত টিভির মর্তুজা জুয়েল, নাগরিক টিভির শাহিন হাসান, মোহনা টিভির শেখ শামীম, বরিশাল ক্রাইম নিউজের খন্দকার রাকিব এবং বরিশাল সিটি নিউজের রেদওয়ান রানা।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা, সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

