অর্ধশত রান করে মুমিনুলও আউট
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের ১ম দিনে দলের বিপর্যয়ে একপ্রান্ত আগলে রাখলেও, এবার উইকেট বিলিয়ে দিয়ে আসলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ৭০ রান করে আউট হয়ে গেছেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিক পেসারদের বোলিং তোপে দিশেহারা বাংলাদেশ। দিনের ১ম ওভারে উইকেট হারানোর পর, টিকতে পারেন নি সাকিব-মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও।
হারারেতে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
তবে অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ব্যাটসম্যানরা। ইনিংসের ১ম ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নেন তরুণ ওপেনার সাইফ হাসান। বেশিক্ষণ টিকতে পারেন নি নাজমুল হোসেন শান্ত। দলের হাল ধরার চেষ্টা করলেও, মধ্যাহ্নভোজের বিরতির আগে আউট হয়ে যান আরেক ওপেনার সাদমান ইসলামও। এরপর মাত্র ৬ বলের ব্যবধানে বিদায় নেন মুশফিক ও সাকিব।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে খেলতে পারছেন না। ফলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। তবে সুযোগটা কাজে লাগাতে পারেন নি সাইফ। ইনিংসের ১ম ওভারেই সাজঘরে ফেরেন তিনি। মুজারাবানির বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন আরেক তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও দিতে পারেন নি আস্থার প্রতিদান। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ তিনি। মুজারাবানির শিকার হন তিনিও। স্লিপে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। তার সংগ্রহ মাত্র ২ রান।
মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা চালান অধিনায়ক মুমিনুল হক ও সাদমান ইসলাম। দু’জনে মিলে গড়েন ৬০ রানের জুটি। তবে বিরতিতে যাওয়ার আগমুহুর্তে, দলীয় ৬৮ রানে এনগ্রাভার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাদমান।
বিরতি থেকে ফিরে বেশিক্ষণ টিকতে পারেন নি মুশফিক। মুজারাবানির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে আসেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার সংগ্রহ ১১ রান।
দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নেমে ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান। নাউচির বলে কট বিহাইন্ডের শিকার হয়ে মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন তিনি।
দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক মুমিনুল হক। তবে ৭০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে বেশ সাবলীলভাবেই ব্যাট চালাচ্ছিলেন মিমি। ৭০ রানের ইনিংসে হাঁকান ১৩টি বাউন্ডারি। তবে তার আউটটা বেশ দৃষ্টিকটুই ছিলো। অফ স্ট্যাম্পের বেশ বাইরের বল কাট করতে গিয়ে স্লিপে দাঁড়ানো মেয়ার্সের হাতে ধরা পড়েন তিনি।

