Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতার ফাইনাল আজ

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতার ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট ২০২০’। আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ১১ দিন ব্যাপী এই প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। তার আগে সকালে ঢাকা ক্লাবের টেনিস কোর্টে হবে প্রতিযোগিতার পুরুষ ও মহিলা এককের ফাইনাল।
এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের সেরাদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এবারের এই টেনিস প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তার একটি রাজশাহী পর্ব, অন্যটি ঢাকা পর্ব। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতার প্রথম পর্ব রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এই পর্বে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে চারটি ক্যাটাগোরিতে ৯২ জন ক্ষুদে টেনিস খেলোয়াড় অংশ নেয়।
এরপর ৯ ডিসেম্বর থেকে ঢাকায় ঢাকা ক্লাব লিমিটেডের টেনিস কোর্টে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু। যেখানে পুরুষ ও মহিলা এককের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা পর্বে পুরুষ এককের ফাইনালে উঠেছেন অমল রায় ও দীপু লাল। আর মহিলা এককের ফাইনালে উঠেছেন ঝালকাঠির সুস্মিতা সেন ও রংপুরের ইশিতা আফরোজ। আজ সকালে ঢাকা ক্লাবের টেনিস কোর্টে একযোগে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফাইনাল শেষে বিকেল সাড়ে তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ ছাড়া অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
এবারের এই প্রতিযোগিতায় মোট ছয়টি ক্যাটাগোরি ছিল। সেগুলো হলো- পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) । ছয়টি ইভেন্টে বিভিন্ন ক্লাব ও সংস্থার শতাধিক টেনিস খেলোয়াড় অংশ নিয়েছে।

 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!