দেশের সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে: তারেক রহমান
নরসিংদী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রিয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোন মুল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেয়া এবং ফেলে দেয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণে দেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে, বাধ্য করেছে পালিয়ে যেতে।
এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। একই সাথে দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষ অধিকার ফিরিয়ে দেয়া। একই সাথে এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুতকরার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে, এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি।
তিনি বলেন, এ দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখা যায়, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যেতে পারবে। এ দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃংখলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগনের কথা বলবে, জনগনের কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগনের স্বার্থ নিরাপদ থাকবে।
নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

