Dark Mode
Wednesday, 01 July 2026
ePaper   
Logo
বিশ্বমঞ্চে দেশের নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করো: ভূমিমন্ত্রী

বিশ্বমঞ্চে দেশের নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করো: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

সাফল্যের শিখরে পৌঁছাতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং নিরবচ্ছিন্ন শিক্ষা অর্জনের ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় 'বিশ্ববিদ্যালয় পরিক্রমা' প্রকাশনা এই অনুষ্ঠানের আয়োজন করে। এটি ছিল মূলত শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের মূল্যায়ন বা সম্মান জানাতে জানে না, সে জাতি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। রাজশাহীকে একটি 'গ্রিন অ্যান্ড ক্লিন সিটি' (সবুজ ও পরিচ্ছন্ন নগরী) হিসেবে রূপান্তরের ক্ষেত্রে তাঁর অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স একসময় রাজশাহীকে বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। 'বিশ্ববিদ্যালয় পরিক্রমা'র প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. সাইদুর রহমান এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

উক্ত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শাহদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. খোন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!