Dark Mode
Thursday, 02 July 2026
ePaper   
Logo
হেল্পলাইনে কল: যাত্রীবাহী লঞ্চ থেকে মুমূর্ষু রোগীকে উদ্ধার করল কোস্ট গার্ড

হেল্পলাইনে কল: যাত্রীবাহী লঞ্চ থেকে মুমূর্ষু রোগীকে উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জরুরি হেল্পলাইন ‘১৬১১১’ নম্বরে কল পেয়ে মাঝনদীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে এক মুমূর্ষু নারীকে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ব্যক্তি তাঁর অসুস্থ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সোনার তরী-১’-এ ওঠেন। তবে সন্ধ্যা ৬টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জের কাছাকাছি নদী এলাকায় পৌঁছালে তীব্র শ্বাসকষ্টের কারণে ওই নারীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি জীবন-মরণ সন্ধিক্ষণে চলে যান। এই চরম বিপদে তাঁর স্বামী তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তার আকুতি জানান।

খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে মাঝনদীতে ওই লঞ্চে গিয়ে পৌঁছায়। মেডিকেল টিমটি সফলভাবে লঞ্চে উঠে ওই নারীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হয়।

পরবর্তীতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই হাসপাতালে পৌঁছানো নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ বোটে করে ওই নারীকে উদ্ধার করে রাজধানীর সদরঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত ও নিবিড় চিকিৎসার জন্য তাঁকে দ্রুত নিকটস্থ ‘মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতালে’ পাঠানো হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!