হাতিয়ায় বিএনপির দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়া
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির ঘোষিত মনোনয়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মনোনয়নপ্রাপ্ত এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার সন্ধ্যায় ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়া, হাতাহাতি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকেই ওছখালী বাজারের দুই প্রান্তে জড়ো হতে থাকেন দুই গ্রুপের নেতাকর্মীরা। একদিকে ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা, অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সমর্থকরা।
সন্ধ্যার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে স্লোগান–পাল্টা স্লোগান থেকে মুহূর্তেই সৃষ্টি হয় উত্তেজনা।
একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে শুরু করেন।
এ সময় ফজলুল আজিমের সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল বের করলে
মাহবুবুর রহমান শামীমপন্থীদের সঙ্গে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মাহবুবুর রহমান শামীমের নির্বাচনী দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন,
“দুপুরের পর থেকে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা করছিলাম। সন্ধ্যায় জিরো পয়েন্টে গেলে ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
অন্যদিকে প্রকৌশলী ফজলুল আজিমের নির্বাচনী দায়িত্বে থাকা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো অভিযোগ করেন,
“শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে আমরা মশাল মিছিলের বাহির করলে শামীমের লোকজন প্রথমে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের নেতাকর্মীরাও আহত হন।
ঘটনা পরবর্তীতে খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছিল, তবে শনিবারের ঘটনাই তা চরমে পৌঁছে দেয়। পর্যবেক্ষকদের মতে, মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ এই সংকট দ্রুত সমাধান না হলে হাতিয়া আসনে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

