রাজনৈতিক দলের আদর্শে ‘হাংকি পাংকি’ থাকতে পারে না: এ্যানি
নোয়াখালী প্রতিনিধি
একটা রাজনৈতিক দলের আদর্শে ‘হাংকি পাংকি’ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, “একটা দেশে নির্বাচন হবে। পক্ষ-বিপক্ষ থাকবে। সেটা রাজনৈতিক দলের আদর্শ ভিত্তিক থাকে। যার যার আদর্শকে ধারণ করে যদি কথা বলি, তবে কোনো আদর্শের মধ্যে ‘নো হাংকি পাংকি’ থাকতে পারে বলে মনে করি না।”
শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকার ‘বশির ভিলা’ হলরুমে জেলা শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ইঙ্গিত করে এ্যানি বলেন, “একজন ইসলামী দলের বক্তা গতকাল যে বক্তব্য রেখেছেন, জনগণ এই বক্তব্যটা পছন্দ করেন নাই। একটা দলের নায়েবে আমীর, দায়িত্বশীল লোক, কীভাবে বলে ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হইলো?
“এটা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পায়? এই রাজনৈতিক নেতৃত্ব যদি এই ধরণের কথা বলে, তাহলে সাধারণ মানুষের উপহাস ও অবজ্ঞা করা ছাড়া আমি মনে করি আর কিছু থাকে না। মনে করেছিলাম উনি যে দায়িত্বে আছেন, একসময় ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তার, সেইভাবেই কথা বলবেন কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না।
বিএনপি নেতা বলেন, “আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে যাই, ঘরে ঘরে যাই, যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, গণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি।
“আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। রাজনীতি শিখিয়েছি, রাজনীতি শিখেছি। রাজনীতি গ্রামের মানুষের সঙ্গে কীভাবে করতে হয়, কম-বেশি আমাদের জানা আছে। কিন্তু জামায়াতে ইসলামীর এই ভয়েস আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, “ঘরে ঘরে মা-বোনদের, প্রত্যেক পরিবারে আপনারা যাবেন, সালাম দিবেন। বেগম খালেদা জিয়ার সালাম দিবেন, তারেক রহমানের সালাম দিবেন, ধানের শীষের সালাম দিবেন, আমার সালাম দিবেন।
“আমরা যারা বিএনপি করি, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে।”
লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

