Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
ময়মনসিংহে মানবপাচারের মামলা ১৬৩, নিষ্পত্তি ২টি

ময়মনসিংহে মানবপাচারের মামলা ১৬৩, নিষ্পত্তি ২টি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে এ পর্যন্ত মানবপাচারের ঘটনায় মামলা হয়েছে ১৬৩টি। কিন্তু ময়মনসিংহে মানবপাচার ট্রাইবুনাল না থাকার কারণে এর মধ্যে এখন পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়েছে মাত্র ২টি। তবে ময়মনসিংহে খুব দ্রুত সময়ের মধ্যে মানবপাচার ট্রাইব্যুনাল স্থাপিত হবে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো’ শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। এ সময় তিনি বলেন, মানবপাচারের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। সামাজিক ও আইনি জটিলতার কারণে অনেক ভিকটিম মামলা করতে সাহস পান না। তবে অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ বিভাগে মানবপাচারের সংখ্যা তুলনামূলক কম।

তবে পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত ময়মনসিংহে ৫২টি, জামালপুরে ১২টি, নেত্রকোণায় ৮৯টি এবং শেরপুরে ১০টি মানবপাচারের মামলা দায়ের হয়েছে বলেও জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, মানবপাচারের ঘটনাগুলো কেস স্টাডি আকারে ডকুমেন্টেশন করা হলে জনসচেতনতা বাড়বে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম বলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা দেশের সীমান্তবর্তী হওয়ায় এসব উপজেলায় মানবপাচারের ঘটনা ঘটছে। এক্ষেত্রে বিজিবিকে আরও সক্রিয় হতে হবে। তবে এসব ঘটনা প্রচার ও প্রকাশের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়।

কর্মশালায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে মানবপাচারের ভিকটিমরা অনলাইনে অভিযোগ জমা দিতে পারবেন। এতে ভিকটিমদের হয়রানির শিকার হতে হবে না। অনলাইনে অভিযোগ ফর্ম পূরণের পর পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে তথ্য পেয়ে ভিকটিমকে সহায়তা করবে।

এ ছাড়া কর্মশালায় বিশেষ অতিথির মধ্যে আরও বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী এবং বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. হাসানুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, শেরপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ, জামালপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ খাতুন, জামালপুরের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনোয়ারুল আজিজ টুটুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!