Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মোদির উপহারের সেই সোনার মুকুট চুরির ঘটনায় থানায় মামলা

মোদির উপহারের সেই সোনার মুকুট চুরির ঘটনায় থানায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের সেই সোনার মুকুট চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুকুটটি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে। তবে সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ অনুসারে চুরির সঙ্গে জড়িত ওই যুবককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ওই যুবক স্থানীয় কেউ নয় বলেই ধারণা এলাকাবাসীর।

শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবক স্থানীয় নয়। শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সীমান্ত এলাকায় তার ছবি ছড়িয়ে দিলেও কোনোভাবে তাকে কেউ শনাক্ত করতে পারেনি। সিসি ক্যামেরায় জিন্সের প্যান্ট ও সাদা টি-শার্ট পরিহিত যুবকের একার ছবি ধরা পড়লেও চুরির ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন বলে তাদের ধারণা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। ঘটনার পর থেকে পুরোহিত দিলীপ মুখার্জীসহ অনেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে স্বর্ণের মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দিরের প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবালোকে চুরি হয়েছে। স্বর্ণের মুকুটটির বিষয়ে যে কোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সাতক্ষীরা (০১৭১৫-২১২২৭৭) ও পুলিশ সুপার সাতক্ষীরাকে (০১৩২০-১৪২১০০) নম্বর মোবাইল ফোনে জানাতে অনুরোধ করা হলো।

অপরদিকে, মুকুট চুরির ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে তদন্তপূর্বক তা উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে ফুটেজে দৃশ্যমান যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মন্দিরের পুরোহিত একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি মামলা রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে প্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়েছিলেন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭মিনিট থেকে ২টা ৫০মিনিটের মধ্যে মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!