ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
ফরিদপুরে গ্রেপ্তারের পর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

ফরিদপুরে গ্রেপ্তারের পর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

মাহবুব পিয়াল, ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানকালে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. ইমতিয়াজ আহমেদ প্রান্ত (২৮)। তিনি মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গন্ডারদিয়া এলাকার মৃত ইসকান্দার হায়দারের ছেলে। এই ঘটনার সঠিক কারণ উদঘাটন ও রহস্য উন্মোচনে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মধুখালী পৌরসভার গন্ডারদিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অভিযানকালে প্রান্তকে আটক করা হয় এবং পুলিশ দাবি করেছে যে, তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টা পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. শিকদার আফরিদি রিজভী বলেন, রোগী হাসপাতালে আসার পরপরই প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং সিটি স্ক্যানে (CT scan) দেখা গেছে যে, প্রান্ত ব্রেন স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হয়েছিলেন, যার ফলে তাঁর শরীরে 'ম্যাসিভ সেরিব্রাল হেমোরেজ' হয়। চিকিৎসক আরও নিশ্চিত করেছেন যে, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা নির্যাতনের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় গাঁজাসহ প্রান্তকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন