নারায়ণগঞ্জে ৫৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্ট গার্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরবর্তীতে একটি আইনি মুচলেকা রেখে ট্রাকসহ এর চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পলিথিন ব্যাগগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

