দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০৪ জন, শনাক্তের সংখ্যা সর্বোচ্চ
অনলাইন ডেস্ক
দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর পরদিন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৪ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ১১৯ জনের। দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ছিল এটাই। ওই সময় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ২৬৮ জন।
সেখান থেকে রোগী শনাক্ত তিন হাজারের বেশি বেড়ে ৮ হাজার ৩৬৪ জনে পৌঁছেছে। এর আগে দেশে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল গত ৭ এপ্রিলের আগের ২৪ ঘণ্টায়। সে সময় ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৯৬ হাজার ৭৭০। মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের। সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।
শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজশাহী বিভাগে মারা গেছেন ১৯ জন। বাকিরা অন্য বিভাগের।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৬।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে কয়েক দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২০ শতাংশের বেশি হচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

