ঢাকার বায়ু দূষণ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিশ্বব্যাংকের ঋণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বায়ু দূষণ মোকাবিলায় নতুন ঋণ প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি গত বছরে সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে এবং একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতেও সহায়তা করবে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সফর শেষ করেছেন। দেশের অন্তর্ভুক্তিমূলক, টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের জনগণের প্রতি বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তার প্রস্তাব দিয়েছেন।
তিনি বাংলাদেশে চলমান এবং পরিকল্পিত বিশ্বব্যাংকের সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।
রাইজার বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক সরকারকে বিভিন্ন সংস্কারে সহায়তা করছে। ব্যাংক রেজোলিউশন এবং সম্পদ পুনরুদ্ধার, কর নীতি এবং রাজস্ব সংগ্রহ, ক্রয় এবং নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান এবং স্বাধীনতা জোরদারে সহায়তা করা হচ্ছে। এই সংস্কারগুলো মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে, একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবিলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে।
রাইজার এ সফরে অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

