Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : জাহিদ মালেক

জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টানা ১৯ দিন চলা বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন-জীবিকার তাগিদে খুলে দেওয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

জাহিদ মালেক বলেন, আমরা এখন করোনার দুর্যোগে আছি। পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪০ লক্ষাধিক মানুষ মারা গিয়েছে। আমাদের দেশে অন্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে আছে।

করোনার সময়ে অনেক দেশে দারিদ্র্যসীমা বাড়লেও আমাদের অনেক নিচে নেমেছে। আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় দেশ এগিয়ে গেছে। ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশে। আমাদের কোটি লোক বিদেশে কাজ করেন। তারা রেমিট্যান্স পাঠায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মােদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রােকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ বলেন, জাতীয় শােককে শক্তিতে রূপান্তর করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারলেই জাতির পিতার বিদেহী আত্মা শান্তি পাবে। আর এ লক্ষ্যেই দিনরাত কাজ করে যাচ্ছেন মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়ে তুলতে বিরামহীন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ১৭ কোটি মানুষ বিশ্বনেত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডে সহযােগিতা করবেন আজকের সময়ে এটাই আমাদের প্রত্যাশা।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ আগস্ট) করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি শিথিল করার বিষয়ে সরকার তাড়াহুড়ো করেছে। যে কারণে সংক্রমণ বাড়তে পারে আবার। এ সময় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!