ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
গত ২০ বছরের রাজনীতিকরণ সাংস্কৃতিক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গত ২০ বছরের রাজনীতিকরণ সাংস্কৃতিক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

গত ২০ বছরের নজিরবিহীন রাজনীতিকরণ বাংলাদেশের সাংস্কৃতিক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক শৃঙ্খলে বন্দী থাকার কারণে দেশের সংস্কৃতি তার নিজস্ব স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততা নিয়ে বিকশিত হতে পারেনি।

শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'নদীমাতৃক' শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের সাংস্কৃতিক অবকাঠামোর বেহাল দশা তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ জেলায় মানসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ন্যূনতম পরিবেশটুকুও নেই এবং অতীতে এই খাতের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে এ লক্ষ্যে ব্যাপক ও বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিল গাজীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন