সাতক্ষীরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর ঝটিকা সফর, অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আকস্মিক পরিদর্শনে তিনি হাসপাতালের ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, চিকিৎসকদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। দীর্ঘ এক বছর কোনো ধরনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা সীমাবদ্ধতার মধ্যেও মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি নিবন্ধনে (রেজিস্টার) নিয়মিত স্বাক্ষর না করার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে নার্সদের উপস্থিতি সন্তোষজনক।
এর আগে সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সম্প্রতি সংঘটিত চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এছাড়া এক চিকিৎসকের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যার অধিক সক্ষমতায় উন্নীত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্যাথলজি সেবা চালু করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও রান্নাঘর, বাথরুম ও রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও সরেজমিনে পরীক্ষা করেন মন্ত্রী।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

