ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
সুবর্ণচরে খাসেরহাটে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দোকানপাট বন্ধ

সুবর্ণচরে খাসেরহাটে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দোকানপাট বন্ধ

 

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী

 

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে চরজব্বর থানা পুলিশ গ্রেপ্তার করার প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তিনি আগামী ১৩ তারিখে ঢাকায় লোক সমাবেশে পৃষ্ঠপোষকতা করছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা মানববন্ধন শেষে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেন।

জানা যায়, আটককৃত আনিসুল হক জাহাঙ্গীর চরবাটা ইউনিয়নের মোজাম্মেল হোসেন মোজামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, খাসেরহাট বাজার পরিচালনা কমিটির (অন্তর্বর্তীকালীন) সহ-সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী।

ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম মাওলা বলেন, “বাজার কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা, তা আমি জানি না।” তিনি আরও বলেন, “অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, “জাহাঙ্গীর মিয়া একজন সজ্জন ব্যক্তি। তার মতো ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করেছে—যা অনাকাঙ্ক্ষিত। রাজনীতি তার ব্যক্তিগত বিষয়, তবে আমরা তাকে একজন দীর্ঘদিনের ব্যবসায়ী হিসেবে জানি।”

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “আনিসুল হক জাহাঙ্গীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন