ডার্ক মোড
Monday, 02 November 2026
ePaper   
Logo
বরিশাল বিভাগের পাসের হারে শীর্ষে পিরোজপুর, ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন ফল

বরিশাল বিভাগের পাসের হারে শীর্ষে পিরোজপুর, ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন ফল

পিরোজপুরের প্রতিনিধি
 
 
এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ বছর জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। তবে গত দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জেলাটিতে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যানের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জেলাভিত্তিক ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
 
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।
 
বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে পিরোজপুরের অবস্থান প্রথম। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল জেলা। সেখানে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে, পুরো বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। বোর্ডের গড়ের চেয়ে পিরোজপুরের পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট বেশি।
 
এদিকে, পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এ বছর পাস করতে পারেনি। পিরোজপুরের নাজিরপুর দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন মোট আটজন  শিক্ষার্থীর মধ্যে  সাতজন পরীক্ষায় অংশ নেয়। অংশ নেওয়া সাতজনই অনুত্তীর্ণ হয়েছে।
 
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, “শিক্ষা অফিসের পক্ষ থেকে কলেজগুলো নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ ফলাফল হয়েছে।” তিনি আরও বলেন, “যে দুটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেখানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
পিরোজপুর জেলার গত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে জেলায় পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৪ দশমিক ০৭ শতাংশে। সর্বশেষ ২০২৬ সালে পাসের হার আরও কমে হয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ।
অর্থাৎ ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে পাসের হার কমেছে ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। আর গত বছরের তুলনায় এক বছরের ব্যবধানে কমেছে ১২ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট।
২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাওয়া বছরভিত্তিক পরিসংখ্যানেও দেখা যায়—২০০৯ সালে পিরোজপুরে পাসের হার ছিল ৭৪ দশমিক ৯৯ শতাংশ, ২০১০ সালে ৭৯ দশমিক ১৪ শতাংশ, ২০১১ সালে ৭৭ দশমিক ৯৯ শতাংশ, ২০১২ সালে ৭৬ দশমিক ৩০ শতাংশ, ২০১৩ সালে ৭৮ দশমিক ৩২ শতাংশ, ২০১৪ সালে ৭৫ দশমিক ৯২ শতাংশ, ২০১৫ সালে ৭৬ দশমিক ৫৮ শতাংশ, ২০১৬ সালে ৭৮ দশমিক ৫৬ শতাংশ, ২০১৭ সালে ৬৭ দশমিক ৭৬ শতাংশ, ২০১৮ সালে ৭০ দশমিক ৬০ শতাংশ, ২০১৯ সালে ৭৩ দশমিক ৮৩ শতাংশ। করোনাকালে পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়নে ২০২০ সালে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৩ শতাংশ এবং ২০২১ সালে বিশেষ ব্যবস্থায় ছিল ৯৫ দশমিক ৯৬ শতাংশ। পরবর্তী সময়ে ২০২২ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৮ শতাংশ, ২০২৩ সালে ৮২ দশমিক ২৬ শতাংশ এবং ২০২৪ সালে ৮৩ দশমিক ৩৩ শতাংশ। এরপর টানা দুই বছর পাসের হার কমেছে।
 
এ বছর বরিশাল বিভাগের ছয় জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৬৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন। উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৯৭০ জন। বিভাগে সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন