বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি
পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফসলের মাঠে পড়ে গেল জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রতিমন্ত্রী। দুর্ঘটনায় তিনি হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। আহত হয়েছেন তাঁর গাড়িচালকও। তবে প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটের উদ্দেশে ঢাকা থেকে সকাল সাড়ে ৫টার দিকে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে হরিপুর এলাকায় এক নারী পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ফসলের মাঠে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভেতর থেকে প্রতিমন্ত্রীসহ অন্যদের উদ্ধার করেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেলেও গুরুতর কোনো ক্ষতি হয়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় আহত নারী পথচারীকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন প্রতিমন্ত্রীর গাড়িচালকও।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। গাড়িটি রাস্তা থেকে ফসলের মাঠে পড়ে গিয়ে থেমে যায়। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী জয়পুরহাটে পৌঁছে কালাই পৌরশহরের নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁর নির্ধারিত দুই দিনের সরকারি সফর রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফসলের মাঠে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন। আহত নারী পথচারী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

