পিরোজপুরে মাদকবিরোধী সামাজিক সমাবেশ, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
জুবায়ের, পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলার কালখালি ইউনিয়নে আজ বিকেলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর ব্যানারে স্থানীয় পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
৪ নম্বর কালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম (মিষ্টার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। এতে মূল বক্তা হিসেবে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ও এই উদ্যোগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান নাসিম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জুবায়ের আল মামুন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন এবং সদর থানার বিট অফিসার রেজাউল করিম। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার সভাপতিবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমান তরুণ সমাজের ভবিষ্যৎ থমকে দিচ্ছে এবং এটি অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে দেখা দিয়েছে। তাঁরা জোর দিয়ে বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ কালখালি ইউনিয়নকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। সমন্বিত কর্মপরিকল্পনা এবং ধারাবাহিক মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো পিরোজপুর জেলাকে মাদকমুক্ত অঞ্চলে রূপান্তর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

