ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয়রা জানান, মা, মেয়ে ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় মেয়েটির বাবা আহত হন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌছায়। এঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

