কক্সবাজারে ৩১ ভরি চোরাচালানের সোনা উদ্ধার, আটক ২: কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নিউ ফিশারী ঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি চোরাচালানের সোনার গহনা উদ্ধারসহ দুই সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে একটি সিন্ডিকেট চোরাচালানের মাধ্যমে সোনার চালান দেশে আনার চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড দল ধাওয়া করে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩১ ভরি চোরাচালানের সোনার গহনা, ৪টি মোবাইল ফোন, নগদ ৫,৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং ৩টি সৌদি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে এই সোনার চালান বাংলাদেশে এনে খোলা বাজারে বিক্রি করার পরিকল্পনা করছিল। তারা পূর্বেও এ ধরনের চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কোস্ট গার্ড জানায়, এই চোরাচালান চক্রের সাথে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

