ভারত সরকার কতটা নির্লজ্জ হলে দীর্ঘ দিন একটি অবৈধ অসংবিধানিক সরকারকে তারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে -খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী
বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে এ দেশের বিচার ব্যবস্থায় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অথচ ভারত সরকার কতটা নির্লজ্জ হলে দীর্ঘদিন ধরে এমন একটি অবৈধ ও অসংবিধানিক সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে! তারা মূলত বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তি ও দলকে সমর্থন দিয়েছে। এর মাধ্যমে ভারতের যে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এবং দ্বৈত নীতি, তা আজ স্পষ্ট হয়ে উঠেছে।
গত ৫ আগস্ট যখন স্বৈরচারী শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেতে লক্ষ-কোটি মানুষ রাস্তায় নেমেছিল, যখন ১৮ কোটি মানুষের বুকে রক্তক্ষরণ হচ্ছিল, ঠিক সেই দিনই আমরা দেখলাম ভারত সরকার শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার এবং গণমাধ্যমে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এর তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানানো হলো, তখন তারা দায়িত্বজ্ঞানহীনভাবে দাবি করল যে।এ বিষয়ে তারা কিছুই জানে না।
এসময় খায়রুল কবির খোকন, তাদের এমন বক্তব্য বাংলাদেশের প্রতি চরম অবজ্ঞা ও অবহেলার শামিল বলে মন্তব্য করে আরো বলেন, ভারত বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করে, এই ঘটনা তারই প্রমাণ। আর এ কারণেই আজ দেশের সাধারণ জনগণের মাঝে তীব্র উৎকণ্ঠা, উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি শনিবার বিকেলে ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্স এর আয়োজিত শিশু একাডেমিতে ৩৬ জুলাই বিশেষ স্মরণ, সম্মাননা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি,, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতরা।

