শুক্রবার থেকে রাজশাহী সিটিতে লকডাউন, যাবে না যাত্রীবাহী ট্রেন
রাজশাহী প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটনায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আগামীকাল শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। এদিকে, আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে একসপ্তাহের জন্য রাজশাহীর সঙ্গে সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সার্কিট হাউজে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। অন্যদিকে, এদিন রাতেই রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে রাজশাহীর সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানায়।
এর আগে, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে রাজশাহীতে সন্ধ্যা ৭টা থেকে সকাল পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতাসহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিধিনিষেধের সময়সীমা এগিয়ে এনে বিকেল ৫টা থেকে কার্যকর করা হয়। কিন্তু তাতেও সংক্রমণের গতি নিয়ন্ত্রণ করা যায়নি।

