ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
মন্ত্রিসভা কমিটিতে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা

মন্ত্রিসভা কমিটিতে ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা

নিজস্ব প্রতিবেদক

'সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার একটি বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে পরিবর্তনশীল ডিজিটাল চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আইনি কাঠামো যুগোপযোগী করার ওপর জোর দেওয়া হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী এবং এই কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্যবৃন্দ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত উন্নয়ন, জাতীয় সাইবার প্রতিরক্ষা জোরদার করা, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে খসড়া বিলের বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়া সদস্যবৃন্দ বর্তমান প্রযুক্তিগত প্রেক্ষাপটের সাথে আইনের সামঞ্জস্য বজায় রাখতে প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশের ওপর নিজেদের মতামত বিনিময় করেন। খসড়া আইনটিকে আরও আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর করার উদ্দেশ্যে কমিটি বেশ কিছু সুপারিশ তুলে ধরে। এসব সুপারিশ অন্তর্ভুক্ত করে খসড়াটি চূড়ান্ত করতে এবং তা আনুষ্ঠানিক অনুমোদনের জন্য পেশ করার আগে অচিরেই আরেকটি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ; তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন