পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো কর্মী সমর্থকরা
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া মডেল থানার সামনে পুলিশের কাছ থেকে সোহেল রানা নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ছিনিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায় কর্মী সমর্থকরা।
এব্যাপারে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাঁধার সম্মুখীন হয়। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাঁধা দেয়।
তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আর পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

