চরফ্যাশনে অবৈধ ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ করেছে কোস্ট গার্ড
ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার মায়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১১টি ট্রলিং জালসহ একটি অবৈধ ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে দুলারহাট থানার আওতাধীন মায়া নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং ১১টি ট্রলিং জাল আটক ও জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে স্থানীয় মৎস্য কর্তৃপক্ষ নিশ্চিত করে যে জব্দকৃত নৌকাটি ভারতের। প্রাথমিক ধারণায় কর্তৃপক্ষ মনে করছে, কয়েকজন অসাধু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে নৌকাটি বাংলাদেশে এনে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশের সামুদ্রিক সীমানায় অবৈধ মাছ ধরা রোধ এবং গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন।

