পাবনায় আবু সাইদের বাড়ি ভাঙচুরের সময় ছাত্রলীগ নেতা আটক
পাবনা প্রতিনিধি
আ. লীগের পলাতক সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে গত ৫ আগস্টের পর ফের ক্ষোভে ফুঁসে উঠেছেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ ক্ষোভের বহি:প্রকাশে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আ.লীগের নির্বাচনী প্রতীক নৌকার নির্বাচনী প্রচারণামূলক গান বাজিয়ে সাইদের শহরের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতা। এরপর দেয়া হয় আগুন। এসময় পাশেই অবস্থান নেয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি কাজী তুষারকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রজনতা।
আটকের বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ওই সময় তুষার অবাধেই আশপাশ দিয়ে চলাফেরা করছিলো। তখন তাকে দেখে ছাত্ররা ধাওয়া দিলে প্রাণের ভয়ে শালগাড়িয়ার একটি মসজিদে ঢুকে পড়ে। এসময় তাকে আটকে রেখে থানায় খবর দিলে তাকে উদ্ধার করে আনা হয়। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সরেজমিনে দেখা যায়, পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় সাইদের বাড়ি ঢুকে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এদিকে এ বাড়ির সামনের রাস্তায় মাইকে আ.লীগের নির্বাচনী প্রচারণামূলক 'জয় বাংলা, জিতবে এবার নৌকা' সহ বিভিন্ন গান বাজানো হচ্ছে। এর আগে বিকেল ৪ টার দিকে শহরের স্বাধীনতা চত্ত্বরে এসে জড়ো হন ছাত্র জনতা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সাইদের শালগাড়িয়ার বাসায় গিয়ে ভাঙচুর শেষে আগুন দেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরও সাইদের এ বাড়িতে ভাঙচুর করে আগুন দেয়া হয়েছিলো।
আবু সাইদ তার সহযোগীদের সাথে নিয়ে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ করে। এতে জাহিদ ও নিলয় নামের দুই শিক্ষার্থী নিহত হয়। এঘটনায় করা মামলার প্রধান আসামি সাইদ। তিনি সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোচিত ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এছাড়া গত রাত সাড়ে ১০ টার দিকে এডওয়ার্ড কলেজের শেখ রাসেল হলের নামফলক মুছে দেয়া ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ব্যানার সংবলিত গেইট ফেলা হয়। একই রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও শেখ হাসিনা হলের ফলক ভেঙে ও মুছে দেন ছাত্র জনতা। এরপর রাত ১১টার দিকে শহরের বীর রফিকুল ইসলাম বকুল স্মরণে স্বাধীনতা চত্ত্বরে টেরাকোটার ম্যুরালে শেখ মুজিবের তর্জনী ভেঙে দেয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগে ভাঙচুর করা আ.লীগ অফিসে আবার ভাঙচুর চালায় ও আগুন দেয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

