চাঁপাইনবাবগঞ্জে নেসকো ও পল্লী বিদ্যুৎতের কর্মীদের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিতরণকারী দুটি প্রতিষ্ঠান নেসকো ও পল্লী বিদ্যুৎ’র কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা আতাহার-বুলনপুর এলাকায় বিদ্যুৎ’র লাইন নির্মাণ ও মেরামতের কাজকে ঘিরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় প্রতিষ্ঠানের অন্তত ১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভাঙচুর হয়েছে কয়েকটি মোটরসাইকেলসহ পিকআপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন নির্মাণ ও মেরামতের কাজকে ঘিরে নেসকো ও পল্লী বিদ্যুৎ’র কর্মচারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে, বাদানুবাদে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। পরে তারা সংঘর্ষে জড়ায়।
এতে করে নয়াগোলা-আমনুরা সড়কে আধাঘন্টা ধরে যানচলাচল ব্যাহত হয়। প্রথম দিকে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তখনও উভয় প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঠা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের কারণে উভয় প্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর হয়।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন বলেন, সদর উপজেলার মহারাজপুরসহ চরাঞ্চল এলাকার বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য আমাদের লোকজন এরফান অটো রাইস মিলের সামনে যায়।
সেখানে থাকা নেসকোর কর্মচারীরা আমাদের লোকজনের কাজে বাঁধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে দুই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে পল্লী বিদ্যুতের দুটি মোটরসাইকেল ও নেসকোর একটি গাড়ি ভাঙচুর হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ (বিতরণ ও বিক্রয় বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মধ্যে সংঘর্ষের খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এ ঘটনায় উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

