Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
আল-জাজিরার তিউনিস কার্যালয়ে পুলিশের তাণ্ডব

আল-জাজিরার তিউনিস কার্যালয়ে পুলিশের তাণ্ডব

অনলাইন ডেস্ক

 

তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। এর মধ্যে সোমবার রাজধানী তিউনিসে কাতারভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আল-জাজিরার অফিসে হানা দিয়েছে পুলিশ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী সোমবার ভারী অস্ত্রে সজ্জিত অন্তত ২০ জন সাদা পোশাকের পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটির ব্যুরো অফিসে হানা দেয়। ঢুকেই তারা বের করে দেয় সব কর্মীকে। তাদের ফোন বন্ধের নির্দেশ দিয়ে বাজেয়াত্ত করা হয় সব সরঞ্জাম।

সাদা পোশাকে ওই পুলিশ কর্মকর্তাদের কাছে সেখানে অভিযান চালানোর জন্য কোনো ধরনের ওয়ারেন্ট ছিল না জানিয়ে আল-জাজিরার ব্যুরো চিফ লতফি হাজ্জি বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী কর্তৃক আমাদের অফিস উচ্ছেদের কোনো আগাম নোটিশ আমরা পাইনি।’

তবে আল-জাজিজার কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মীদের উচ্ছেদ ও সরঞ্জাম জব্দ করার সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা দাবি করছেন, বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী তারা এ অভিযান চালিয়েছেন। সেখানকার সব সাংবাদিককে বের করে দিতে বলা হয়েছে।

সাংবাদিকরা বলছেন, অভিযানে এসেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তাদেরকে নিজেদের মুঠোফোন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ও তাদের ব্যক্তিগত মালামাল নেওয়ার জন্য তারা ভবনের ভেতর ঢুকতে চাইলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ঢুকতে দেয়নি।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বলেছে, তারা ‘তিউনিসিয়ায় আল-জাজিরার অফিসে হামলা এবং রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে গণমাধ্যমের অংশগ্রহণকে নিন্দা জানাচ্ছে।’

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ গতকাল রোববার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। এ ছাড়া তিনি ৩০ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছেন পার্লামেন্ট। দেশটির বিরোধীরা প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট সাইদ সামরিক শক্তি ব্যবহার করে এই সহিংসতার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আমি সতর্ক করে দিতে চাই কেউ যদি অস্ত্র হাতে নেওয়ার কথা চিন্তা করে..কেউ যদি একটা বুলেটও ছোঁড়ে..তাহলে সশস্ত্র বাহিনী গুলি করেই তার জবাব দেবে।’

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!